
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলার স্বনামধন্য মহাবিদ্যালয় ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের সাময়িক বরখাস্ত অধ্যক্ষ ছামিউল ইসলামের বিরুদ্ধে অত্র কলেজের অর্থ আত্মসাৎ এর অভিযোগে কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞ আমলী আদালত গাইবান্ধা সদর থানা গাইবান্ধায় একটি মামলা দায়ের করলে, যাহার নং সিআর ৮২২/২৩ খ্রি:। উক্ত মামলায় আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) শুনানির দিন ধার্য্য থাকলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গাইবান্ধা আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। বিষয়টি উক্ত কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার মোঃ মিজানুর রহমান নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছামিউল ইসলামের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত হলে, অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ কে নির্দেশ দিলে গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক ২ এপ্রিল/২০২৩ তারিখে ছামিউল ইসলাম সাময়িক বরখাস্ত হন।
এদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত অধ্যক্ষের এমপিও বাতিল করে। আইসিটি মামলা সহ তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। ছামিউল ইসলাম বরখাস্ত হওয়ার তিনমাস পর গাইবান্ধা সোনালী ব্যাংক প্রধান শাখায় তথ্য গোপন করে কলেজ নামীয় হিসাব থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ গাইবান্ধা সদর থানা গাইবান্ধা আমলী আদালতে আরেকটি মামলা দায়ের করেন। নিয়মনীতির তোয়াক্কা না করে কলেজ বন্ধ থাকা অবস্থায় লোকবল নিয়ে কলেজ গেটের তালা ভেঙে অনুপ্রবেশ করা সহ নানা ঘটনায় বরখাস্ত অধ্যক্ষ ছামিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার মিজানুর রহমান বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি, আদালতের এই নির্দেশে কলেজ সংশ্লিষ্টসহ এলাকাবাসী খুশি।
গভর্নিং বডির সদস্য সাহিদুল ইসলাম ভুট্টু জানান, বরখাস্ত অধ্যক্ষ ছামিউল ইসলামের এটুকু শাস্তি না হলে আদালতের প্রতি মানুষের আস্থা কমে যেতো এবং ছামিউল ইসলামকে জেল হাজতে প্রেরণ করায় এলাকায় আনন্দের বন্যা বইছে।




















এই post বিষয়ে আলোচনা করুন