
সৈয়দ সময়, নেত্রকোনা :
নেত্রকোনা পৌরশহরের বুক চিরে বয়ে চলা এক সময়ের খরস্রোতা ধলাই নদী আবারও জেগে উঠছে নতুন প্রাণে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কুচুরিপানায় ঢেকে যাওয়া নদীটিকে পুনর্জীবিত করতে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাতে নেওয়া হয় এক মহৎ উদ্যোগ কুচুরিপানা পরিষ্কার অভিযান।বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির ব্যক্তিগত উদ্যোগে এবং নেত্রকোনা পৌরসভার সহযোগিতায় শুরু হওয়া এ কার্যক্রমে নদীর প্রাণ ফিরিয়ে আনার স্বপ্নে মেতে ওঠেন স্থানীয়রা।কালের সাক্ষী এই নদী বহুদিন ধরে কুচুরিপানার জটলায় নিস্তব্ধ হয়ে পড়েছিল। প্রবাহ হারিয়ে নদী যেন হারাচ্ছিল তার অস্তিত্ব। স্থানীয় বাসিন্দারা জানান, পরিষ্কারের পর নদীকে আবার কাজে লাগাতে পারায় তাদের জীবনে এসেছে স্বস্তি। তারা কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “রনি ভাইয়ের এমন উদ্যোগ আমাদের জীবনে নতুন আলো জ্বালাল।”কেবল উদ্যোগ নয়, নিজ হাতে কুচুরিপানা পরিষ্কার করতেও নেমে পড়েন রনি খান। তিনি বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। ধলাই নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।”নেত্রকোনা স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার জানান, সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই নদীর দেড় কিলোমিটার ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে। উদ্যোগ চলতে থাকলে নদী আবারও জেলেদের জীবিকা ও মাছ ধরার উপযোগী হয়ে উঠবে। তিনি রনি খানের এ জনকল্যাণমূলক কাজকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।সবুজ প্রকৃতি, স্বচ্ছ জল আর প্রাণবন্ত নদীর প্রত্যাশায় নেত্রকোনাবাসী এখন নতুন স্বপ্ন দেখছে ধলাই নদী আবার ফিরে পাক তার খরস্রোতা রূপ।




















এই post বিষয়ে আলোচনা করুন