
রমজান হোসেন মহাদেবপুর উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা সাংবাদিক সোহেল রানার দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের ডাকবাংলো মাঠে প্রথম জানাজার নামাজ ও ফাজিলপুর গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তিনি গত শনিবার দিবাগত রাত ২টার সময় হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন। তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।এদিকে, তার মৃত্যুতে মহাদেবপুর ও নওগাঁয় কর্মরত সাংবাদিক, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন। কর্মময় জীবনে সোহেল রানা মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবরপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক আমার বার্তা ও দৈনিক মানবকন্ঠ পত্রিকায় মহাদেবপুর উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন।






















এই post বিষয়ে আলোচনা করুন